হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের উত্তেজনা তৈরি হয়েছে। ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অন্তত ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান।
বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের নৌ ও বিমান বাহিনী ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোকে নিশানা করে হামলা চালায় দেশটি।
আইআরজিসি জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ইরানের হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান এ অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইরান।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাংকারগুলোর জন্য একমাত্র নিরাপদ পথ হলো ইসলামী প্রজাতন্ত্র কর্তৃক নির্ধারিত পথ।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমেরিকান সন্ত্রাসবাদের’ কোনো জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। এই নৌপথের বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রচেষ্টা ‘কোনো অবস্থাতেই’ মেনে নেওয়া হবে না।
সূত্র: আল জাজিরা
সান নিউজ/ জামান
