সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এবার নতুন দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ এই কোচ।
সোমবার (২৭ জুলাই) দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এ সময় তিনি জানান, এইচপি দলের দায়িত্বে থাকলেও জাতীয় দলের সঙ্গে তার যোগাযোগ আগের মতোই থাকবে।
সালাউদ্দিন বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এমন নয় যে, আমি পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছি। কারণ এই খেলোয়াড়দের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ও সংযোগ সবসময় থাকবে।’
'ভালো একটা যোগাযোগ থাকবে। জাতীয় দলে যারা আছে তাদের তো কিছু আমাদেরই করাতে হবে। তো আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজেকে মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।'
কোথায় কোচিং করাচ্ছেন সেটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না সালাউদ্দিনের কাছে, 'এটা এইচপি টিম, তাদের নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে-একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় সুযোগ। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটের কোন অবস্থানে আছে।'
আমার বাঙলা/ রাব্বি
