দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে এবং কালীপূজা-দীপাবলি এবং ছটপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ ফুলবাড়ী স্থলবন্দর শুল্ক স্টেশন তিন দফায় ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন । পঞ্চগড় তেতুলিয়া উপজেলা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় পণ্য পারাপারে বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন স্থলবন্দর কর্মকর্তা। এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গত ৬ অক্টোবরের এক দাপ্তরিক চিঠিতে ছুটির বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিন দিন এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর দুই দিন বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে আমদানি-রপ্তানি পুরোপুরি স্থগিত থাকবে। ছুটি শেষে যথাসময়ে পুনরায় নিয়মিত বন্দর কার্যক্রম চালু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী শুল্ক স্টেশনে উৎসবকালীন ছুটি ঘোষণার প্রেক্ষিতে বাংলাবান্ধা স্থলবন্দরেও বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতের ব্যবসায়ী সমিতি ইতিমধ্যে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
এ সময় বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও সাধারণ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফাতুল্লা ওয়ারেছ। তিনি জানান, ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম যথারীতি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।
তেতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টম সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ জানান, বাণিজ্যিক পণ্য খালাস বন্ধ থাকলেও কাস্টমস-সংক্রান্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় কার্যক্রম চলমান।
সাননিউজ/বান্না
