কক্সবাজারের টেকনাফ উপকূলের বাহারছড়া সংলগ্ন বঙ্গোপসাগরে বড় ধরনের মানবপাচারচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সমুদ্রপথে মানবপাচার রোধে চলমান গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ডের একাধিক ইউনিট—জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া—যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক নৌযানকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে দীর্ঘ ধাওয়া শেষে বাহারছড়া উপকূলের কাছে ট্রলারটি আটক করা হয়। তল্লাশিতে দেখা যায়, এতে থাকা ৫০ জনকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযানে ঘটনাস্থল থেকে মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচার চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসত। পরে তাদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন করা হতো এবং মুক্তিপণ আদায় করা হতো।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, এই চক্র উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এমনকি দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে আনা কিছু ব্যক্তিকেও সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধার হওয়া ভুক্তভোগী, আটক নৌযান এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
