সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়েন ও বাস্তবভিত্তিক সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। পরিচালক জাহিদ প্রীতমের এই ভিন্নধর্মী কাজটি নিয়ে দর্শকদের মাঝেও বেশ কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চরকির এই অরিজিনাল ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছবির পরিচালকসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন। চরকির এই প্রজেক্টের হাত ধরেই প্রথমবারের মতো কোনো ওয়েব ফিল্মে অভিনয় করলেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল।
নিজের নতুন এই কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কেয়া পায়েল জানান, সহকর্মী হিসেবে আরিফিন শুভর মতো গুণী অভিনেতা এবং প্ল্যাটফর্ম হিসেবে চরকির চমৎকার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।
এর আগে পরিচালক জাহিদ প্রীতমের সঙ্গে নাটকে কাজ করার অভিজ্ঞতা থাকলেও ওয়েব ফিল্মে এই প্রথম জুটি বাঁধলেন তারা। ব্যক্তিগত জীবনের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী জানান, জীবনসঙ্গী বেছে নেওয়ার বিষয়টি অনেকটাই ভাগ্যের ওপর নির্ভরশীল, তাই সব পরিকল্পনা সবসময় কাজে আসে না।
বর্তমানে ওয়েব ফিল্মের পাশাপাশি নাটকের শ্যুটিং এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান পার্লার সামলানো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। আসছে ঈদের নাটকের কাজ ছাড়াও বহুমুখী কর্মব্যস্ততার মধ্য দিয়েই কাটছে তার দিনকাল।
সান নিউজ / রাজীব
