ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নলছি থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, আওয়ামী লীগ, বিএনপির একাংশ ও এলাকাবাসী মিলে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেয়। তাকে পুনরায় গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
সাননিউজ/বান্না
