পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) ভোর আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার বোদা থানাধীন চটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিকল্পনা অনুযায়ী বড়শী বিওপির একটি নিয়মিত টহল দল হাবিলদার মো. মনিমুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন; মো. রাশেদ (২৬), পিতা মো. আব্দুস সাত্তার এবং মো. বোরহান (১৭), পিতা শাহ আলম। তাদের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার নুরপাড়া এলাকায়।
অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো মোবাইল ফোন, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল ফোন এবং দুটি গ্রামীণ সিম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা কোমরের স্কচটেপে পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। পরে তাদের দেহ তল্লাশি করে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে। মাদক পাচারকারীদের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারী ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
সাননিউজ/বান্না
