নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী (আফনান চত্বর) থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল থেকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি, যুগ্ম আহ্বায়ক আকবর মুন্না, জিদান চৌধুরী, রাহাত উজ জামান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বাহাদুর হোসেন নোবেল, সদর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘যারা স্বপ্ন দেখছে শেখ হাসিনা আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা আসবে না। যারা শেখ হাসিনা দেশে আসবে বলে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।’
তারা আরো বলেন, ‘যারা গুপ্তভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন তাদেরকে বলতে চাচ্ছি, আমাদের লক্ষ্মীপুরকে লক্ষ্মী, সুন্দরভাবে এবং শান্তিপূর্ন ভাবে রাখতে চাচ্ছি। অবৈধ হাসিনা যেভাবে বাংলাদেশে নৈরাজ্য চালিয়েছে তা আর হতে দেওয়া হবে না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ প্রস্তুত আছি।’
সাননিউজ/বান্না
