রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে রিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার বাদুর ডাংগি গ্রামে। তার বাবা লতিফ মল্লিক জানান, মানসিক সমস্যার কারণে পাঁচ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোরে সবার অজান্তে তিনি ভবনের আটতলা থেকে নিচে পড়ে যান।
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পর মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। পরে স্বামী বিদেশে ফিরে গেলে রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢামেকে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বাঙলা/ জামান
