২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউটের (আইএএসডিএস) মাস্টার্সের শিক্ষার্থী আনদালীব হাসান ‘আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড -২০২৬’ লাভ করেছেন। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হেসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান স্বাগত বক্তব্য দেন। বিভাগের শিক্ষার্থী যারিন তাসনিম নিশাত অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আনদালীব হাসান ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস অনার্স ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৯৭ অর্জন করেন। IASDS Golden Jubilee Award ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউট প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মাননা। পুনঃভর্তি ও ফলোন্নয়ন পরীক্ষা ব্যতীত বিএস অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকে প্রতি বছর এই পদক ও সনদ দেয়া হয়। ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে বিএস অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।
সাননিউজ/বান্না
