শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষার্থীরা বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
বোর্ডের সামনে দায়িত্বে থাকা ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের যে দাবি সেটা শিক্ষা বোর্ডের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক নেই৷ তারপরও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। তাদেরকে বুঝিয়ে বলেছি কিন্তু তারা যদি না শুনে তাহলে কিছু করার নেই।
আমার বাঙলা/ রাব্বি
