ঝালকাঠিতে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে এখন গুনতে হচ্ছে দুই হাজার টাকারও বেশি। এতে সংসারের বাড়তি ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝালকাঠির বাজারে ১২ কেজির ওমেরা গ্যাসের সিলিন্ডার আগে বিক্রি হতো এক হাজার ৮৭০ থেকে এক হাজার ৯৭০ টাকায়। তবে দাম বেড়ে বর্তমানে তা বিক্রি হচ্ছে দুই হাজার ৭০ টাকায়।
অন্যদিকে, ১২ কেজির টোটাল গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ টাকায়। বাজারে ওমেরা, আই গ্যাস, ফ্রেশ, বসুন্ধরা ও বেক্সিমকোসহ বিভিন্ন কোম্পানির এলপিজি সিলিন্ডার সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, হঠাৎ গ্যাসের দাম বেড়ে যাওয়ায় রান্নার জ্বালানি বাবদ সংসারের খরচ বেড়েছে সাধারণ মানুষের। দ্রুত এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
সাননিউজ/বান্না
