কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ও যৌনতাবিষয়ক আলাপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখরুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজ সূত্র জানায়, ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টার একটি ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
একই সঙ্গে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ও অব্যাহতির আদেশ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যক্রমের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদল, কলেজ শাখার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযোগের বিষয়ে মো. মুসলিম সরদার বলেন, ‘আমার মা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি। তার অবস্থা সংকটাপন্ন। আমি এখন ঢাকায় আছি।’ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও অব্যাহতির আদেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কিছু জানি না। বিষয়টি জানতে পারলে আগামীকাল কথা বলব।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সান নিউজ/ জামান
