গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ কতটা সন্তুষ্ট, তা দেশের মানুষই মূল্যায়ন করবে। তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা যায়, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগও জনগণ দেখেছে। গত ১৮০ দিনে সরকারের নেওয়া ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি জনগণের কাছে প্রশংসিত হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত রূপরেখা অনুযায়ী প্রথম ১৮০ দিনে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর সরকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন সংকটের মুখোমুখি হলেও তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে।
জ্বালানি সংকটের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকট তৈরি হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রায় এক মাস মূল্য বৃদ্ধি স্থগিত রাখা হয়। পরে সহনীয় মাত্রায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উৎপাদন অব্যাহত রাখতে প্রাথমিক জ্বালানির সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এ লক্ষ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে সেখানে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিদ্যমান সামিট ও এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্নের সমস্যা সমাধানে একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্থান নির্বাচনে জরিপ চলছে।
মন্ত্রী আরও বলেন, আমদানি নির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোরে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকটের টেকসই সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে।
তিনি জানান, বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। এ ছাড়া দেশের ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় প্রকিউরমেন্ট কমিটির সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের একটি মজবুত ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।
সরকারের প্রথম ১৮০ দিনের বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জনের সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সান নিউজ/ হুমায়রা
