চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর ষষ্ঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরাত ময়দানে আলহাজ্ব মাওলানা মুনিরুল মন্নান কুতুবীর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে তাকওয়া, নৈতিকতা, পোশাক-পরিচ্ছদ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত ও আদর্শের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা।
ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ আদিল ‘তাকওয়ার পরিচয় ও মানবজীবনে এর অপরিহার্যতা’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং ভালো-মন্দের পার্থক্য উপলব্ধিতে সহায়তা করে। আল্লাহভীতি ও জবাবদিহির অনুভূতি মানুষের ব্যক্তিজীবন ও সমাজকে সুশৃঙ্খল করে।
পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যাপক আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান ‘নৈতিক অবক্ষয় রোধে রাসূল (সা.)-এর সীরতের শিক্ষা’ বিষয়ে বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র চরিত্র ও জীবনাদর্শ নৈতিকতা প্রতিষ্ঠার অন্যতম শ্রেষ্ঠ পথনির্দেশনা। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজ থেকে অন্যায়, অনাচার ও নৈতিক অবক্ষয় দূর করা সম্ভব।
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম ‘পোশাক-পরিচ্ছদ ও সাজ-সজ্জায় ইসলামের দিকনির্দেশনা’ বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ইসলাম পরিচ্ছন্নতা ও সৌন্দর্যচর্চাকে উৎসাহিত করেছে। তবে পোশাক ও সাজ-সজ্জায় শালীনতা, পরিমিতিবোধ এবং ইসলামী বিধান মেনে চলা জরুরি।
ঢাকার মারকাযুন নাহদা ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এনামুল হক আযাদী ‘সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর অবদান’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ন্যায়নীতির অনুসরণেই বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, কমিটির সদস্য আলহাজ্ব আবু তাহের ও আলহাজ্ব ইসমাইল মানিক, শাহজাদা তৈয়বুল হক বেদারসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও আবু রায়হান ছৈয়দ। পরে না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ জমির আল হোসাইন ও মুহাম্মদ ওয়াহিদুল্লাহ ওয়াহিদ।
সদরে মাহফিলের বক্তব্য, মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে সীরাতুন্নবী (সা.)-এর ষষ্ঠ দিবসের মাহফিল সমাপ্ত হয়।
আমার বাঙলা/ রাব্বি
