চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গুলশান-২-এর ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযান শেষে নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, ‘অভিযানে মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/ রাব্বি
