খালেদা জিয়ার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন বলেন, ‘তাঁর কর্মী হিসেবে আমাদের তাঁর জীবনের প্রতিটি বৈশিষ্ট্য চর্চা করতে হবে। কখন আপসহীন হতে হয়, কখন মৃত্যুর ঝুঁকি নিতে হয়, কখন হাসতে হাসতে কারাগারে যেতে হয়, কখন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হয়—সবই আমরা শিখেছি খালেদা জিয়ার কাছ থেকে। আবার তিনিই আমাদের শিখিয়েছেন, কখন পরাজিত শত্রুকে ক্ষমা করতে হয়।’
শোকসভায় বিএনপির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া আর ফিরে আসবেন না। তাঁর রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান। যারা খালেদা জিয়ার কাছে সামান্য হলেও ঋণী, তারা যদি নির্বাচনে তাঁর বাইরে অন্য কারও পথে যায়, তবে তা হবে বিশ্বাসঘাতকতা।’
