খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্রিপুরা (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার পশ্চিম মদনকার্বারী পাড়া সংলগ্ন চেঙ্গী নদী থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাদল ত্রিপুরা পানছড়ির পশ্চিম মদনকার্বারী পাড়ার কিনমহন ত্রিপুরার ছেলে। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গিয়ে বাদল ত্রিপুরাকে পানিতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
নিহতের বাবা কিনমহন ত্রিপুরা ও ছোট ভাই মিলন ত্রিপুরা জানান, বাদল ত্রিপুরা দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ তার রোগটি প্রকট আকার ধারণ করায় তিনি পানিতে পড়ে যান। পানিতে ডুবে যাওয়ার পর আর উঠে আসতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় মরদেহে কোনো ধরনের অস্বাভাবিক বা সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীরোগের আক্রমণের ফলেই পানিতে পড়ে তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।
সাননিউজ/বান্না
