মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য পাঠ পত্রিকার স্টাফ রিপোর্টার স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। যশোরের কেশবপুর পৌরসভা সংলগ্ন এলাকায় তাকে মারধর করা হয়। পরে তাঁকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়। তিনি কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সুলাইমান সরদারের ছেলে। এ ঘটনায় কেশবপুর থানায় দায়ের করা মামলার নম্বর ১৬।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কেশবপুর পৌরসভা সংলগ্ন এলাকায় অবস্থানকালে এনসিপির কয়েকজন নেতাকর্মী তাঁর মোবাইল ফোন তল্লাশি করেন। এ সময় মোবাইলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য থাকার অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রের দাবি, তাঁর মোবাইল ফোনে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তবে এসব যোগাযোগের প্রকৃতি ও অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত হাফিজুর রহমান বলেন, স্বাধীন নিজ এলাকায় না থেকে যশোরে বসবাস করতেন। তিনি মূলত ছাত্রলীগের সক্রিয় কর্মী। সাংবাদিকতা পেশায় থাকলেও বিভিন্নভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও বলেন, পুলিশ তাঁকে সরাসরি আটক করেনি; এনসিপির নেতাকর্মীরা তাঁকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া যায়। সোমবার তাঁকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সাননিউজ/বান্না
