বিস্তৃর্ণ মাঠের যেদিকেই চোখ যায়, শুধু সবুজের সমারোহ। মাচা জুড়ে ঝুলছে থোকায় থোকায় তরতাজা শিম। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রাম এখন পরিচিত হয়ে উঠেছে ‘শিমের গ্রাম’ হিসেবে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই গ্রামেরই ২৮ থেকে ৩০ বিঘা জমিতে আগাম জাতের শীতকালীন শিম চাষ করেছেন চাষিরা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কুশলীবাসা গ্রামে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ১০০ মণ শিম উৎপাদনের সম্ভাবণা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা।
স্থানীয় কৃষকরা জানান, শসা ও করলার চাষ শেষে জমিতে থাকা বাঁশের মাচাই ব্যবহার করে শিম চাষ করেছেন তারা। ফলে নতুন করে মাচা তৈরির খরচ লাগেনি। কৃষকদের ভাষ্য, প্রতি বিঘায় মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা খরচে এক থেকে দেড় লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন দেখছেন তারা।
সরেজমিন এসব ক্ষেতে গিয়ে দেখা যায়, গ্রামীণ সড়ক ঘেঁষে ফসলের মাঠ। বিস্তৃর্ণ মাঠজুড়ে মাচায় ওপর বাতাসে দোলখাচ্ছে শিম গাছ। গাছে থোকায় থোকায় ধরেছে শিম। কেউ গাছ থেকে শিম তুলছেন। কেউবা পরিচর্যায় ব্যস্ত।
এসময় কৃষক মো. মুরাদ বলেন, বিঘাখানেক জমিতে শসার চাষ ছিল। শসা শেষ হবার পর ওই মাচাতেই শিম লাগিয়েছিলাম। গেল একমাসে প্রায় ১০ মণ শিম বিক্রি করা হয়েছে। আগামী কয়েক মাসে আরও ৪০-৫০ মণ শিম বিক্রির প্রত্যাশা তার। এ চাষে খরচ কম, লাভ বেশি।
একই এলাকার কৃষক সরল মাহমুদ বলেন, প্রথম দিকে ৮০ থেকে ১০০ টাকা কেজি শিম বিক্রি করেছি। বর্তমান দাম কমে তা বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। তবুও লাভ থাকছে। শিমের পর জমিতে পেঁয়াজের চাষ করবেন তিনি।
প্রায় সাত থেকে আট বছর ধরে কুশলীবাসা মাঠে শিমের চাষ করছেন কৃষক মকুল হোসেন। তিনি বলেন, শসা ও করলার পর একই মাচায় আগাম জাতের শিম চাষ করা হয়। বিঘাপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা খরচে ৬০ থেকে ৭০ মণ শিম উৎপাদন হয়। যার বাজার মূল্য প্রায় এক থেকে দেড় লাখ টাকা।
প্রায় ১৫ বিঘা জমিতে ধান, পাট, পেঁয়াজ, বেগুনসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে কৃষক বনি ইকবাল। তিনি বলেন, কুশলীবাসাকে এখন শিমের গ্রাম বললেই মানুষ চেনে। অল্প খরচে অধিক লাভ হওয়ায় সামনের বছরে বিঘাখানেক জমিতে শিমের চাষ করবেন তিনি।
কৃষি কর্মকর্তাদের পরামর্শ আর কম খরচে অধিক লাভ হওয়ায় অন্যান্য সবজির পাশাপাশি কুশলীবাসা এলাকায় বাড়ছে আগাম জাতের শিম চাষ। এতে কৃষকদের ভাগ্য বদলের পাশাপাশি বদলে যাচ্ছে গ্রামীণ জীবন ও অর্থনীতি। এমনটাই জানালেন মো. ডলার ও সাইফুজ্জামানের মতো কৃষকরা।
স্থানীয় পান্টি তহবাজারের আড়তদার মো. মিলন শেখ জানান, মৌসুমের শুরুতে প্রতি কেজি শিম ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
এ বিষয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্টু হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে শুধু কুশলীবাসা গ্রাম থেকেই চলতি মৌসুমে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ১০০ মণ শিম উৎপাদনের সম্ভাবণা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা হবে বলে আশা করা হচ্ছে।
শুধু কুশলীবাসা নয়, চলতি বছর কুমারখালী উপজেলায় ৩৫ হেক্টর জমিতে আগাম শিমের চাষ হয়েছে। জুলাই-আগস্টে বীজ বপনের ৬০ থেকে ৭০ দিন পর থেকেই শিম তোলা শুরু হয়, চলবে আরও কয়েক মাস।
কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ৩৫ হেক্টর জমি থেকে প্রায় ১৮ হাজার মণ শিম উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। যার বাজারমূল্য পাঁচ থেকে ছয় কোটি টাকা।
তিনি আরও বলেন, কম খরচে বেশি লাভের এই মডেল এখন অনুকরণীয় হয়ে উঠছে আশপাশের গ্রামেও। বাজারদর নিশ্চিত করা গেলে আগাম সবজি চাষেই বদলে যাবে কৃষকের ভাগ্য, মিটবে দেশের সবজির চাহিদাও।
সাননিউজ/বান্না
