কার্বন নিঃসরণ হ্রাস করে আন্তর্জাতিক কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি এ বিষয়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তার, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং দেশজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেন।
কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রম সমন্বয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কার্বন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান
