চাঁদাবাজির একটি মামলায় জামিনে কারামুক্ত হওয়ার পর ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাতকে (সুরভী) দেখতে গাজীপুরে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে তাহরিমার টঙ্গীর বাসায় যান তিনি।
দেখা করার পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, তাহরিমা জান্নাতের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট ছিল। তিনি বলেন, ‘আমরা তাহরিমা জান্নাত সুরভীর বাসায় এসেছি, তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। তাঁকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, তাঁর বয়স লুকিয়ে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও আমাদের জুলাইয়ের জনতা এ বিষয়ে সরব প্রতিবাদ করেছিল। পাশাপাশি গাজীপুরের নাগরিক পার্টির নেতৃবৃন্দ ও আইনজীবীদের প্রচেষ্টায় তাঁর রিমান্ড বাতিল হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, সুরভী যদি অন্যায় করেও থাকেন, তাহলে দেশের নাগরিক হিসেবে যে আইনি ও নাগরিক সুবিচার পাওয়ার কথা ছিল, তিনি তা পাননি। তাঁর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি পুরো ঘটনাটি ছিল বানোয়াট।’
