কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বস্তি ফিরল না সাভার-আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে। বুধবার সকালে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে হাজিরা দিলেও কিছুক্ষণ পরই কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন শ্রমিকরা।
কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকার অধিকাংশ কারখানার শ্রমিকরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন।
তবে সকাল ৯টার পরপরই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বেরিয়ে এসে আশপাশের কারখানার প্রধান ফটকে অবস্থান নেন এবং অন্য শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান।
সরেজমিনে দেখা যায়, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে মিছিল নিয়ে হেমায়েতপুর- সিংগাইর সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসার জন্য বিক্ষোভ করেন তাঁরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
অন্যদিকে, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে জামগড়া ও নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে শ্রমিকদের জড়ো হওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়াও কয়েকটি কারখানার শ্রমিকেরা বের হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জানমালের নিরাপত্তা রক্ষায় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়ায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে এখন মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন পোশাক শিল্পের শ্রমিক ও মালিকপক্ষ। দ্রুত সিদ্ধান্ত এলে শিল্পাঞ্চলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতও যোগ দিয়েছেন। পাশাপাশি মজুরি বোর্ডের সিদ্ধান্ত কবে আসবে, তা নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাচ্ছেন। যারা জনশৃঙ্খলা বিঘ্নিত না করে শান্তিপূর্ণভাবে চলে যাবেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা করা হবে। তবে শ্রমিকের ছদ্মবেশে কেউ অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি কিংবা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা
করলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কার্ড পাঞ্চ করে বের হয়ে যান। এ পর্যন্ত ১১টি কারখানার শ্রমিকেরা কাজ না করে কারখানার ভেতরে অবস্থান করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, সড়কেও কোনো প্রতিবন্ধকতা নেই।
শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বের হয়ে আসায় আজ ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকালও ১৩টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে বর্তমানে প্রায় ৩০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যরা।
প্রসঙ্গতঃ গতকাল মঙ্গলবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে হেমায়েতপুরের স্ট্যান্ডার্ড গ্রুপ ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
সাননিউজ/বান্না
