আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে দলীয় সব পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে।
মির্জা ফখরুলের পদত্যাগের পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল করেছে সরকার। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও মন্ত্রণালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।
অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার পরই তিনি তার বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পদত্যাগের ফলে এলজিআরডি মন্ত্রণালয়ের কার্যক্রমে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য দ্রুত নতুন দায়িত্ব বণ্টনের উদ্যোগ নেয় সরকার।
সরকারের এ সিদ্ধান্তের ফলে একই সঙ্গে স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করল।
আমার বাঙলা/ রাব্বি
