ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও কর্পোরেট কার্যালয়ে রাশিয়া লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলেও অদ্ভুত এক নির্বিকার ভূমিকা পালন করছে ওয়াশিংটন। আমেরিকান চেম্বার অব কমার্স ইন ইউক্রেনের তথ্যের বরাতে সিএনএন এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে।
আমেরিকান চেম্বার অব কমার্সের প্রধান অ্যান্ডি হুন্ডার জানান, সাম্প্রতিক সময়ে কোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডস এবং ওরিওর মতো বিশ্বখ্যাত মার্কিন ব্র্যান্ডগুলোর বাণিজ্যিক অবকাঠামোতে সরাসরি আঘাত হেনেছে রুশ বাহিনী।
গত ৩ সেপ্টেম্বর কিয়েভ সংলগ্ন এলাকার একটি কোকা-কোলা প্ল্যান্টে এবং ২৫ সেপ্টেম্বর ম্যাকডোনাল্ডসের লজিস্টিক অংশীদারের গুদামে মারাত্মক শাহেদ ড্রোন হামলার ঘটনা ঘটে। এই হামলার ফলে সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে নিজেদের খাবারের মেনু ছোট করতে বাধ্য হয়েছে জনপ্রিয় এই ফাস্টফুড চেইনটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাগুলোকে যুক্তরাষ্ট্রের প্রতি মস্কোর একটি সুনির্দিষ্ট ও কৌশলগত বার্তা হিসেবে আখ্যায়িত করেছেন।
অথচ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান ও বিনিয়োগ বারবার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জোরালো প্রতিক্রিয়া বা নিন্দা জানানো হয়নি।
এর উল্টো চিত্র দেখা যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীর ওপর ওয়াশিংটনের বিভিন্ন নিষেধাজ্ঞামূলক পদক্ষেপে। রুশ তেল শোধনাগারে হামলা বন্ধ করতে কিয়েভকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচলিত আইনকে পাশ কাটিয়ে রাশিয়া থেকে সরাসরি ডিজেল আমদানির ঘোষণা দিয়েছেন এবং কিয়েভ এই নির্দেশ অমান্য করলে সামরিক সহায়তা কমানোর হুমকিও ছুড়ে দিয়েছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার দাবি, চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে এনে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মতো প্রশাসনের শীর্ষ নীতি-নির্ধারকদের কাছে আমেরিকান চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
সান নিউজ / রাজীব
