আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে রবিবার বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত আশুলিয়ার বাইপাইল, ডেন্ডাবর ও ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বাইপাইল এলাকার সম্ভার ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৫ পিস ইয়াবাসহ সুরুজ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিকেল ৩টার দিকে ডেন্ডাবর পুরাতন পাড়ার মাস্টার প্লাজার নিচতলার একটি গলিপথ থেকে তিন পিস ইয়াবা, ১৭ পুরিয়া হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (৪৭) ও তুহিন মোল্লা (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে বিকেল সাড়ে ৫ টার দিকে ডেন্ডাবরের মণ্ডল কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ফুয়াদ হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সোমবার রাত দেড়টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ফয়সাল ফিরোজ (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পরিচালিত নিয়মিত অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।
এছাড়া অপরাধ নির্মূল ও মাদকমুক্ত আশুলিয়া গড়তে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সান নিউজ/ জামান
