আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে আলজেরিয়া। সেই ম্যাচে রেফারির বিরুদ্ধে বাজে সিদ্ধান্ত ও পক্ষপাতের অভিযোগ এনে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে দেশটি। তথ্য সূত্র,বার্তা সংস্থা রয়টার্স।
আলজেরিয়া ফিফার রেফারিং কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে। আলজেরিয়া তাদের সেই অভিযোগে প্রথমার্ধের একটি ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করেছে, যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে পেছন থেকে বেশ বিপজ্জনকভাবে ট্যাকল করেন। মেসির বুটের তলা সরাসরি মান্দির পায়ের পেশীতে আঘাত করলে গ্যালারিতে থাকা আলজেরিয়ান সমর্থকরা লাল কার্ডের দাবি জানান।
এ ঘটনায় পোল্যান্ডের রেফারি সাইমন মার্চিনিয়াক আর্জেন্টাইন অধিনায়ককে কোনো কার্ডই দেননি। পরবর্তীতে আরও দুই গোল করে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
আলজেরিয়ার অভিযোগ শুধু মেসিকে নিয়েই নয়। কানসাস সিটিতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে আলজেরিয়ার ইব্রাহিম মাজার মুখে আঘাত করেন। কিন্তু পোলিশ রেফারি তা দেখেও না দেখার ভান করেন বলে অভিযোগ করেছে আলজেরিয়া।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ পরিচালনা করা অভিজ্ঞ এই রেফারি ঘটনার সময় মাত্র এক মিটার দূরত্বে দাঁড়িয়ে থাকলেও কোনো অ্যাকশন নেননি। এমনকি তার স্বদেশী ভিএআর প্রধান টমাস কুইয়াতকোভস্কিও রেফারিকে মাঠের মনিটর দেখার জন্য কোনো সংকেত পাঠাননি।
আমার বাঙলা/আরএ
