আজ মহাঅষ্টমী। দুর্গাপূজার অন্যতম আকর্ষণীয় আয়োজন কুমারী পূজা। এ পূজায় কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন স্থানে এ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।
হিন্দুশাস্ত্র অনুযায়ী, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কুমারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে, উপযুক্ত লক্ষণসম্পন্ন কুমারীকে এ পূজার জন্য নির্বাচন করা হয়। শ্রীশ্রীরামকৃষ্ণের বাণী অনুসারে, শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর প্রকাশ বিশেষভাবে অনুভব করা যায়। মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার অন্যতম উদ্দেশ্য।
শাস্ত্রমতে, বয়সভেদে কুমারীর বিভিন্ন নাম রয়েছে। এক বছর বয়সী কন্যাকে সন্ধ্যা, দুই বছরে সরস্বতী, তিন বছরে ত্রিধামূর্তি, চার বছরে কালিকা, পাঁচ বছরে সুভাগা, ছয় বছরে উমা, সাত বছরে মালিনী, আট বছরে কুব্জিকা, নয় বছরে কালসন্দর্ভা, ১০ বছরে অপরাজিতা, ১১ বছরে রুদ্রাণী, ১২ বছরে ভৈরবী, ১৩ বছরে মহালক্ষ্মী, ১৪ বছরে পীঠনায়িকা, ১৫ বছরে ক্ষেত্রজ্ঞা এবং ১৬ বছরে অন্নদা নামে অভিহিত করা হয়।
কুমারী পূজার জন্য নির্বাচিত বালিকাকে মহাষ্টমীর সকালে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। এরপর সিঁদুর, আলতা, ফুলসহ নানা উপকরণে তাকে সাজানো হয়। সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে দেবীজ্ঞানে পূজা করা হয় তাকে। পূজার সময় শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি ও দেবীস্তোত্রে মুখর হয়ে ওঠে পুরো মণ্ডপ।
কুমারী পূজার তাৎপর্য তুলে ধরে পুরোহিতরা বলেন, সমাজে নারীর যথাযথ মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক সংকট মোকাবিলায় নারীর প্রতি শ্রদ্ধাবোধ আরও জোরদার করা প্রয়োজন। নারীর মাতৃরূপকে বিশেষ মর্যাদায় দেখার মধ্য দিয়ে কুমারী পূজায় জগৎজননীর আরাধনা করা হয়। কুমারীর মধ্যে দেবীমাতার রূপ কল্পনা করে জগতের সব নারীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা।
এদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দশমীর দিন বিকেল ৩টার পর থেকে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে রাজধানীর পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি সদরঘাটের ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
সান নিউজ/ রাব্বি
