কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একদল পর্যটক ওই সৈকতে সাগরে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউ ও তীব্র স্রোতে তাঁরা ভেসে যান।
ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউএনও আরও জানান, এখনো দুজন পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
সাননিউজ/বান্না
