লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে গুলি করে খোরশেদ বাহিনীর খোরশেদকে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ দিলসালপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতো। দুপুরে তাকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে শুনেন ওয়ালিদ নামে একজন প্রতিপক্ষ তাকে গুলি করে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে আর আগেও বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি বলেন, খোরশেদকে হাসপাতালে মৃত আনা হয়েছে। তার বুকে ক্ষত চলে চিহ্ন রয়েছে, এটি গুলির চিহ্নের মতো।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সাননিউজ/বান্না
