জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান।
হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ কর্মসূচিকে কেন্দ্র করে এ আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন। শিশুদের শিক্ষা ও প্রযুক্তিতে প্রবেশাধিকার বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ বৈশ্বিক সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে ৪৫টির বেশি দেশের ফার্স্ট স্পাউস ও বিভিন্ন দেশের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
মার্চের ওই সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সচেতনতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।
নিউইয়র্কের এবারের অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প জানান, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগে বর্তমানে ৫৭টি দেশ যুক্ত হয়েছে। শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে তাদের ভবিষ্যৎ আরও সম্ভাবনাময় করে তোলাই এই বৈশ্বিক উদ্যোগের মূল লক্ষ্য।
সান নিউজ/ রাব্বি
