মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে (বিআইডব্লিউটিএ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।
রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৪ ঘন্টায় লঞ্চঘাটকে কেন্দ্র করে গড়ে উঠা ছোট বড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে খাবার হোটেল,চায়ের দোকান, টংঘর সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশেপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে উঠে।
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই হুট করে রবিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
উচ্ছেদ অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম- পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পুনরায় আবার সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠায় সেগুলো গুড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
সান নিউজ/ জামান
