মুন্সীগঞ্জের সদর উপজেলার সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া চৌরাস্তায় পরিচালিত অভিযানে প্রমি মেডিসিন কর্নার নামের ফার্মেসিতে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সালাহউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ফার্মেসিটি পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। একই সঙ্গে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির কোনো সুযোগ নেই। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সাননিউজ/বান্না
