বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটি নতুন রেকর্ড বলে দাবি করা হচ্ছে। প্রথমবারের মতো কোনো ভারতীয় সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বের মূল্য ১০০ কোটি রুপির সীমা ছাড়িয়েছে। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ছবিটির আন্তর্জাতিক স্বত্ব কিনে নিয়েছে ফারাস ফিল্মস।
এর আগে শাহরুখের সিনেমাগুলোর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে এবার সেই দায়িত্ব পেয়েছে ফারাস ফিল্মস। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার বিদেশি পরিবেশনার কাজও করেছে প্রতিষ্ঠানটি। এত বড় অঙ্কের চুক্তির পর স্বাভাবিকভাবেই ‘কিং’ সিনেমাকে ঘিরে প্রত্যাশা বেড়েছে।
তবে ছবিটির সামনে রয়েছে আয়ের নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জ। কারণ, ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর কয়েক বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন শাহরুখ। দীর্ঘ বিরতি শেষে ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। একই বছর ‘জওয়ান’ সিনেমার সাফল্যের মধ্য দিয়ে বক্স অফিসে নিজের অবস্থান আরও শক্ত করেন এই অভিনেতা।
এবার ‘কিং’ নিয়ে নতুন করে বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড বাদশাহ। আগের সিনেমাগুলোর সাফল্য ছাড়িয়ে যাওয়াই এখন তার সামনে বড় লক্ষ্য। আন্তর্জাতিক বাজারে ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে পারলে ছবিটি আগের সাফল্যের রেকর্ড অতিক্রমের পথে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’—দুটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল। ফলে এবার শাহরুখের প্রতিদ্বন্দ্বী অন্য কোনো তারকা নন, বরং নিজের গড়া সাফল্যের রেকর্ডই। ‘কিং’ দিয়ে সেই অর্জনকে ছাড়িয়ে যেতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও এই নির্মাতা।
সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে।
সান নিউজ/ রাব্বি
