গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টুসহ অন্যরা।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিবাহ নিবন্ধকরাও (কাজী) উপস্থিত ছিলেন।
আলোচনায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, এর কারণে সৃষ্ট সামাজিক ও পারিবারিক নানা সমস্যা এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, বিবাহ নিবন্ধক (কাজী) ও সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
আমার বাঙলা/ রাব্বি
