ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে।
মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।
এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। বন্ধ রয়েছে যাত্রী ওঠানামাও। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মিরপুর-১১ নম্বর স্টেশন আবার চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।
সান নিউজ/ রাব্বি
