মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাবের মশারি বিতরণ
জে. এম. শাহাজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও মশারি বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব নরসিংদী সিটি। ‘বন্ধু চিরদিন’-এর সহযোগিতায় ২০ নভেম্বর ২০২৬ তারিখে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে এলাকায় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া এলাকার দরিদ্র জনগোষ্ঠী ও মনোহরদী পৌর এলাকার কোনাপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মশারি বিতরণ করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ বাংলাদেশের এডিপিজি আবু ফয়েজ খান চৌধুরী, রোটারি ক্লাব অব নরসিংদী সিটির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সোহেল, রোটারিয়ান আনোয়ার হোসেন আঙ্গুর ভূঁইয়া, শামসুল হুদা আনসারী, রোটারিয়ান পিপি নিলুফা ইয়াসমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
