সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে আসেন না জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। নিজের ব্যক্তিগত পরিসর আড়ালে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’
ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তাঁদের সম্পর্কের বয়স ১০ বছর এবং বিয়ের বয়স দুই বছরের বেশি। তবে শুরু থেকেই ব্যক্তিগত জীবন প্রচারের আলো থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ফারিনের ভাষ্য, ‘ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি। আমার স্বামী ও আমার পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাঙ্ক্ষিত আলোচনা ও বিচার-বিশ্লেষণের সুযোগ তৈরি করে।’
নিজের দৈনন্দিন জীবনযাপন নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। ফারিন জানান, শোবিজ অঙ্গনের কাজের সময়সূচি অনিয়মিত হলেও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন তিনি। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই এই অভ্যাস গড়ে উঠেছে, যা এখনো ধরে রেখেছেন। শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমাতে যান এবং ভোরে ঘুম থেকে ওঠেন। এ ছাড়া নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করা, ঘর গোছানো ও শরীরচর্চার মতো কাজেও সময় দেন তিনি।
নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তাসনিয়া ফারিন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। প্রায় নয় বছর আগে সিনেমায় নাম লেখালেও নানা কারণে তখন বড়পর্দায় তাঁকে দেখা যায়নি। দীর্ঘ অপেক্ষার পর দুই বছর আগে ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর।
এরপর চলতি বছর ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ফারিন। এর মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবেও নতুন পরিচয় পান তিনি। তবে সিনেমাটিতে তাঁর অভিনয়ের সুযোগ ও চরিত্রের উপস্থিতি নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, শাকিব খানের উপস্থিতির আড়ালে ফারিনের অভিনয় প্রতিভা যথাযথভাবে প্রকাশের সুযোগ তৈরি হয়নি।
সান নিউজ/ রাব্বি
