-
ঘটনা: বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
-
টার্গেট: দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে অন্তত ছয়টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
-
মার্কিন গুরুত্ব: এই দেশটিতেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় অবস্থিত। তবে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
-
নিরাপত্তা সতর্কতা: সম্ভাব্য হুমকির আশঙ্কায় গত সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো বাহরাইনে সর্বোচ্চ দুটি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
-
প্রশাসনের আহ্বান: দেশের সকল নাগরিক ও প্রবাসীদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার তাগিদ দিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় তেহরানের তরফ থেকে সরাসরি হামলার দাবি করা হয়েছে। পারস্য উপসাগরীয় এই দেশটিতে আমেরিকান বাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে চরম উত্তেজনা তৈরি হওয়ায় স্থানীয় প্রশাসন দুটি পৃথক নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
গত সেপ্টেম্বর মাসের পর দেশটিতে প্রথমবারের মতো এমন আনুষ্ঠানিক সতর্কতা জারি করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের আগ্রাসী ও শত্রুভাবাপন্ন পদক্ষেপের জবাব দিতেই আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এই আক্রমণ চালিয়েছে।
এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে অন্তত ছয়টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে তেহরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সত্যতা নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সকল নাগরিক ও প্রবাসীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছে।
একই সঙ্গে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জোরালো তাগিদ দেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে ঠিক কী ধরনের হুমকির মুখে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সান নিউজ / রাজীব
