পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুবের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪:০০ টায় ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলাস্থ বরিশালগামী টোলপ্লাজার সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আসামি মোঃ তাজেল হাওলাদারের নিকট থেকে ৫০ পিস এবং মোঃ কবির খলিফার নিকট থেকে ৫০ পিস—সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানায়, জেলায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
আমার বাঙলা/ রাব্বি
