মিরপুর টেস্টের তৃতীয় দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৭৯ রান। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। চতুর্থ দিনে ঘুরে দাঁড়ানোর আশায় স্বীকৃত ব্যাটার জাকের আলির দিকে তাকিয়ে ছিল স্বাগতিকরা। তবে তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত আট নম্বরে ব্যাট করতে নামা নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে এর আগে নাঈমের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল অপরাজিত ৩৫ রান। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে এই ইনিংস খেলেছিলেন তিনি। এবার মিরপুরে দলের চরম বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই ডানহাতি টেলএন্ডার। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই ইনিংসে শিকার করেন ৪ উইকেট।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করায় ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুক্রবার তৃতীয় দিনেই বিপাকে পড়ে দল। দিন শেষে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শনিবার চতুর্থ দিনের খেলা শুরু হলে দ্রুতই বিদায় নেন জাকের আলি। জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২২ রান।
অন্যদিকে, ২৯ রানে থাকা অবস্থায় জীবন পান নাঈম হাসান। স্লিপে রোস্টন চেজ তার ক্যাচ ছাড়লে সেই সুযোগ কাজে লাগান এই ব্যাটার। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে দলের হাল ধরেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন নাঈম। ৯১ বলে ৪টি চারের সাহায্যে ৫২ রান করে রোস্টন চেজের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান নাঈম।
নাঈমের বিদায়ের মধ্য দিয়ে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।
বল হাতে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক রোস্টন চেজ। তিনি শিকার করেন ৫ উইকেট। এ ছাড়া প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জোমেল ওয়ারিকান দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৪ উইকেট। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের পঞ্চমবারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন চেজ।
সান নিউজ/ রাব্বি
