আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে। প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর এই ভিসার কার্যক্রম আবার চালু হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।’
হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে’।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সবগুলো ইন্ডিয়ান ভিসা সেন্টার।
সান নিউজ/ জামান
