ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদপত্র ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে গিয়ে সাধারণ মানুষকে নানামুখী হয়রানি ও জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে,এমন অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝালকাঠি পৌরবাসী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসীদের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় দাপ্তরিক সেবার মধ্যে অন্যতম হলো নাগরিক সনদপত্র। কিন্তু বর্তমানে এ সংক্রান্ত সেবা পেতে গিয়ে নাগরিকদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে এবং পদে পদে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম ব্যাঘাত সৃষ্টি করছে।
মানববন্ধনে বক্তব্যে রাখেন মো: আবু সায়েম, আলিম হাং (হাওলাদার), মো: আনোয়ার হোসেন এবং মো: কামরুজ্জামান পলাশ সহ ঝালকাঠি পৌরসভার স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে অভিযোগ করে বলেন, “জনগণের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো যদি সাধারণ মানুষকে সঠিক সময়ে সঠিক সেবা না দেয়, তবে সেই ভোগান্তি মেনে নেওয়া যায় না। পৌরবাসীকে নাগরিক সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে যে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।”
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে এ জটিলতা দূর করে সেবা ব্যবস্থা দ্রুত, স্বচ্ছ ও সহজ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সান নিউজ/ জামান
