‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব সমাবেশ, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও প্রশিক্ষিত যুবকদের মাঝে পুরস্কার বিতরণ এবং যুবঋণের চেক বিতরণ করা হয়েছে। শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় যুব দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য যুব র্যালি। পরে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ ও আলোচনা সভা।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন ও সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন।
এদিকে দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী কর্মসূচি। এর মধ্যে রয়েছে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা, স্বেচ্ছায় রক্তদান, পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও ক্রীড়া অনুষ্ঠান। শেষ দিনে সামাজিক সম্প্রীতি, মাদক, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সাননিউজ/বান্না
