বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রিনভিউ পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহন দুপুর ১২ টার দিকে দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপারের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেছে পুলিশ।
তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত হেলপারের পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাননিউজ/বান্না
