জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
জাপান সফরে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাপানের বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ যোগ দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ তুলে ধরেন তিনি।
সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সান নিউজ/ রাব্বি
