ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ ঘিরে রাজধানী দিল্লিতে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্দোলন দমনে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর অংশ হিসেবে আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে গুরগাঁওয়ের নিজ বাসা থেকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা ধ্রুব রাঠির বাড়িতে পৌঁছানোর পর ধ্রুবের মা দরজা খুলে দিলে পুলিশ ভেতরে প্রবেশ করেন এবং ধ্রুবকে হেফাজতে নেন। যদিও এ আটকের বিষয়ে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি পণ্ড করতে গতকাল শুক্রবার মধ্যরাত থেকেই ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। আজ শনিবার সকাল পর্যন্ত চলা এই ধরপাকড়ে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার মানুষকে আটক করা হয়েছে।
বিশেষ করে শাহিনবাগ ও জামিয়া নগর এলাকায় অভিযান চালিয়ে আড়াই শয়ের বেশি বিক্ষোভকারীকে তুলে নেওয়া হয়। পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লি থেকেও শতাধিক মানুষকে থানায় নেওয়া হয়েছে। এছাড়া রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল এবং বিমানবন্দর এলাকাগুলোতেও কঠোর নজরদারির মাধ্যমে বহু মানুষকে আটকে রাখা হয়।
জনসমুদ্র ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দিল্লির মেট্রো নেটওয়ার্কে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, কাশ্মীরি গেট ও প্যাটেল চকসহ প্রায় ৪৫টি মেট্রো স্টেশনের গেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
পাশাপাশি, বাইরে থেকে আসা যাত্রীদের দিল্লিতে প্রবেশ ঠেকাতে ভোর চারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আড়াই শয়ের বেশি দূরপাল্লা ও লোকাল ট্রেনের চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ। সামগ্রিকভাবে এক থমথমে পরিস্থিতিতে অবরুদ্ধ জনপদে পরিণত হয়েছে ভারতের রাজধানী।
সান নিউজ / রাজীব
