বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। এবার একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপনে মেতে উঠতে দেখা গেল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে।
ছেলে আইজানকে নিয়ে প্রায়ই ঘুরতে বের হন এই অভিনেত্রী। সন্তানের আনন্দ ও ভালো লাগাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সময় তাকে নিয়ে নানা জায়গায় ভ্রমণ করেন তিনি। মা-ছেলের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন শাবনূর।
বিভিন্ন উৎসব ও বিশেষ দিনেও ছেলেকে নিয়ে আনন্দে মেতে ওঠেন এই তারকা। তারই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার সিডনিতে হ্যালোইন উদযাপনের কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। বর্তমানে এই শহরেই বসবাস করছেন শাবনূর।
রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছেলে আইজানকে পাশে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। মা ও ছেলে দুজনের পরনেই ছিল একই ধরনের নকশার পোশাক। পোশাকজুড়ে ছিল হ্যালোইনের প্রতীক কমলা রঙের কুমড়ার নকশা।
ছবির পেছনের সাজসজ্জাতেও ছিল উৎসবের আবহ। কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, বাহারি আলোকসজ্জা এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা উপকরণে সাজানো হয়েছিল পুরো আয়োজন। ছবিগুলোর সঙ্গে শাবনূর ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।
ছবিগুলো প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। মা-ছেলের সুন্দর মুহূর্ত দেখে অনেকেই মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরও ছেলে আইজানকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়েছিলেন শাবনূর। সেবার মা ও ছেলেকে ভূতের সাজে উৎসবটি উদযাপন করতে দেখা গিয়েছিল। এবারও ছেলেকে সঙ্গে নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন এই অভিনেত্রী।
সান নিউজ/ রাব্বি
