ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই নৈশকোচের যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় রংপুরের তারাগঞ্জ জিগাতলা এলাকায় রংপুর -দিনাজপুর মহাসাড়কের উপর এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। পথে তাঁদের সঙ্গে বাসের লোকজনের বাগ্বিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে তাঁদের সঙ্গে বাসের লোকজনের তর্ক বাধে। একপর্যায়ে তাঁদের ধস্তাধস্তি হয়। অভিযোগ, তখন বাসের লোকজন লাথি মেরে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেন।
পরে আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটকানো হয়। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, কুমিল্লা- জলঢাকাগামী সাইমুম পরিবহনের( ঢাকা মেট্রো ব ১২৩৯৯০)একটি নৈশকোচে ভাড়া নিয়ে তাদের সঙ্গে কন্ডাক্টেরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে এই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরো একদিন আহত হন তার নাম আতিকুল ইসলাম।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন বলেন, সর্বশেষ এখনো মামলা হয়নি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। দুইজনকে আটক করা হয়েছে ওরা অসুস্থ তাই উপজেলা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা করেছে।পরিস্থিতি খারাপ তাই এখন পর্যন্ত বাস উদ্ধার করা সম্ভব হয়নি। একটু স্বাভাবিক হলেই বাস উদ্ধার করে সড়ক দুর্ঘটনায় নিয়ে মামলা হবে।
সাননিউজ/বান্না
