দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকিরুল ইসলাম (৩৯) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। ঘোড়াঘাট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে অভিযান চালানো হয়। ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় মোঃ জাকিরুল ইসলামকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন পালিয়ে যান।
পরে মোঃ জাকিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচ তল্লাশি করে একটি সাদা জিপার পলিপ্যাকে রাখা ১৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা গুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ জানান, এ ঘটনায় মোঃ জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার মোঃ জাকিরুল ইসলামকে গত শুক্রবার আদালতে পাঠানো হয়।
মোঃ জাকিরুল ইসলাম বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
সাননিউজ/বান্না
